নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বসতবাড়িতে নিষিদ্ধ মাদক গাঁজা চাষ করার অভিযোগে মোঃ হাবিবুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ০২ মে ২০২৬, শনিবার দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকায় আড়াইহাজার থানা পুলিশ একটি বিশেষ গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচানী এলাকায় মাদক বিরোধী এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন আসামি মোঃ হাবিবুল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায়, তিনি অত্যন্ত গোপনে তার আঙিনায় গাঁজা চাষ করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করে আড়াইহাজার থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।